বাদল-বাউল । রবীন্দ্রনাথ ঠাকুর । Badol Baul । Rabindranath Tagore

 গান : বাদল-বাউল
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর




বাদল-বাউল বাজায় রে একতারা--
সারা বেলা ধ'রে ঝরোঝরো ঝরো ধারা ॥
জামের বনে ধানের ক্ষেতে আপন তানে আপনি মেতে
নেচে নেচে হল সারা ॥

ঘন জটার ঘটা ঘনায় আঁধার আকাশ-মাঝে,
পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে।
ঘর-ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে
পুবে হাওয়া গৃহহারা ॥


রবীন্দ্রনাথ ঠাকুরের 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' একটি বর্ষার কবিতা। রবীন্দ্রনাথ বর্ষা নিয়ে অনেক গানও লিখেছেন। সেই রকমই একটি গান তোমাদের জন্য রইল। এই গানটি কবিতার সঙ্গে মিলিয়ে পড়ো এবং সুর জেনে নিয়ে গাইতে চেষ্টা করো। 

মমার্থ:  বাদল বর্ষা বাউলের মতো একতারা বাজিয়ে চলেছে। সারাবেলা ধরে বৃষ্টির ধারা ঝরে চলেছে। নিজের তালে সে মেতে উঠে জামের বনে, ধানের খেতে নেচেই চলেছে। বর্ষার কালো মেঘের ঘন জটায়  আকাশ মাঝে আঁধার ঘনিয়ে এসেছে। পাতায় পাতায় বৃষ্টির নুপুর টুপুর টাপুর করে মধুর সুরে বেজে চলেছে। বৃষ্টির তানের আকুল সুরে, পুবের হাওয়া গৃহহারা মানুষের মতোই উদাস হয়ে ঘুরে বেড়ায়। বর্ষাকে বাউল জীবনের গান ও নাচের সঙ্গে মিলিয়ে এই অপূর্ব গানটি রবীন্দ্রনাথ রচনা করেছেন। এই গানটি রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের বর্ষা ঋতুর গান।

 ব্যাকরণের প্রশ্নোত্তর:

শব্দার্থ :- বাদল-বর্ষা। ধারা-বৃষ্টির জল পড়া। ঘনায়-  ঘনিয়ে ওঠে। আঁধার - অন্ধকার। মধুর -মিষ্টি।

আকুল – অস্থির। উদাস–বিষণ্ণ। গৃহহারা- ঘরবাড়ি নেই এমন।




বিপরীত শব্দ:  আপন - পর। ঘন - তরল। আঁধার - আলো। আকাশ-পাতা। পূর্বে-পশ্চিমে।



বাক্য রচনা করো : বাদল, বাউল, আঁধার, উদাস,গৃহহারা, মধুর।

বাদল- বাদল দিনে খিচুড়ি খেতে ভালো লাগে।

বাউল— বাউল গান শুনতে বড়োই সুমধুর।

আঁধার - কালো মেনে চারিদিক আঁধার হয়ে এসেছে।

উদাস— গাছতলায় একটি লোক উদাস হয়ে বসে আছে।

গৃহহারা - দেশভাগ প্রবাহিত বহু মানুষ গৃহহারা হয়েছেন।

মধুর - কোকিল মধুর সুরে ডেকে চলেছে।


অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :-

১. কে একতারা বাজায় ? উঃ। বাদল বাউল একতারা বাজায়।

২. সারাবেলা ধরে কী হয়? উঃ। সারাবেলা ধরে ঝরোঝরো বৃষ্টির ধারা ঝরে।

৩. কোথায় বর্ষা কীভাবে নেচে নেচে সারা হল ?

উঃ জামের বনে ও ধানের খেতে সে আপন তালে আপনিই মেতে উঠে নেচে নেচে সারা হল।

৪. ঘন জটার ঘটা বলতে কী বোঝানো হয়েছে?

উঃ। বাউলের মাথায় যেমন জটা থাকে তেমনি বর্ষা বাউলের জটা হল কালো মেঘ, যে ছড়িয়ে আছে আকাশে।

৫. পাতায় পাতায় কী বাজে? উঃ। পাতায় পাতায় বর্ষার নুপুর মধুর সুরে বাজে।

৬. কে কীভাবে ঘুরে বেড়ায়? উঃ। পুবের হাওয়া গৃহহারার মতো উদাস হয়ে ঘুরে বেড়ায়।

মন্তব্যসমূহ